বিনিয়োগের ফাঁদে ফেলে ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
হোয়াটসঅ্যাপ গ্রুপে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ৮৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতারকে করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মাসুম রানা (৩৮) ও শামীম আক্তার (৩৬)।
পৃথক অভিযানে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাদেরকে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
'ড্রিমপায়ারিং এমসিএস লি.' নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সালেহ আহাম্মদ খান নামে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তার ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করে প্রতারক চক্রটি।
ভুক্তভোগীর অভিযোগ, প্রতারকরা হোয়াটসঅ্যাপে ভুয়া চুক্তিপত্র পাঠিয়ে তাকে বিনিয়োগে প্রলুব্ধ করে। সরল বিশ্বাসে তিনি নিজের সঞ্চয়, অফিসের অর্থ এমনকি স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে বিকাশে ও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। পরে লভ্যাংশ না দিয়ে আসামিরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
/এএ/এমএন