×
Logo

সারাদেশ

কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের অভিযান

১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার সারাদেশে পরিচালিত ৯টি মোবাইল কোর্ট অভিযানে মোট ১ লাখ ৪২ হাজার ১৭৩ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের মোট ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। 

র‍্যাব জানায়, ফেনী জেলার রামপুর তাকিয়া রোডে র‍্যাব-৭ এর তত্ত্বাবধানে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নরসিংদী সদরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মদিনা ট্রেডিং-এর বিরুদ্ধে অভিযানে ৫ হাজার লিটার তেল অবৈধভাবে মজুত এবং চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আরও ২০ হাজার লিটার তেল সংরক্ষণের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা সদরে সাধু স্টোর ও হাজী ট্রেডার্স-এর মালিকদের অতিরিক্ত মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, লাইসেন্স জটিলতা এবং বৈধ রসিদ না থাকায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাট জেলার চুলকাটি বাজারে মেসার্স রাজ স্টোরে প্রায় ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল মজুত এবং যথাযথ বিল-ভাউচার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. মঈনের গুদামে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ২০০ লিটার তেলের জন্য বিএসটিআই লাইসেন্স ও মাননিয়ন্ত্রণ সনদ না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা সদরে বাবুল পাল স্টোরে ৫ হাজার ৫৭৩ লিটার তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, মৌলভীবাজার জেলা সদরে মৌলভী ক্যাশ অ্যান্ড ক্যারিতে বিক্রয় না করে ৭ কার্টুন তেল মজুত রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

/এনএ 

Logo