নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
নাটোরের গুরুদাসপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাহিদ হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত নাহিদ সিংড়া উপজেলার কৃষ্ণনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় তার দুই বন্ধু হিরা ও রাজিব গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিলদহর-চাঁচকৈড় সড়কের যোগেন্দ্রনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। যোগেন্দ্রনগর এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে নাহিদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রাজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হিরা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/এএ