নাটোরে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
নাটোরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকেরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিরিয়াল নিয়ে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামের সাথে এক বাইক চালকের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি শান্ত করতে একই এলাকার মোজাম্মেল বাবু এগিয়ে গেলে তার সাথেও জহুরুলের কথা কাটাকাটি ও পরে লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জহুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আহত অবস্থায় মোজাম্মেল বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে আটক করা হয়েছে।
/এএন/এমএন