×
Logo

সারাদেশ

গাইবান্ধায় ঢাকাগামী বাস থেকে দুই মাদক কারবারি আটক

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

গাইবান্ধায় ঢাকাগামী বাস থেকে দুই মাদক কারবারি আটক

গাইবান্ধায় ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। এসময় তাদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২ হাজার টাকা জব্দ করে র‍্যাব।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল ঢাকাগামী ‘নাবিল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতরা হলেন— মহারাজ মীর (৪৫) ও সাহাদত হোসেন (৩৬)। এর মধ্যে মহারাজ মীর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনাগাঁও গ্রামের মীর সুলতানের ছেলে এবং সাহাদত হোসেন দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর গ্রামের সামসুল আলমের ছেলে। 

তিনি বলেন, নাবিল পরিবহনের বাসে তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে মহারাজ মীরের প্যান্টের ডান পকেট থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকাও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অগোচরে মাদক সংগ্রহ ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদেরর সময় তারা গাইবান্ধা ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

গোবিন্দগঞ্জ থানার (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এওয়াইএ/ এনএ 


Logo