×
Logo

সারাদেশ

চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হামলা, যুবদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হামলা, যুবদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রামে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিন নামে এক যুবদল কর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তার এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর বাকলিয়া থানার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে মিনহাজ উদ্দিন আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে মিনহাজের অনুসারীরা দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় পাল্টা হামলা চালায়। এতে কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় এবং আরমান ওরফে এঞ্জেল নামে এক যুবক আহত হন। ঘটনাস্থলটি কোতোয়ালি ও বাকলিয়া এই দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৫ এপ্রিল একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন আহত হন এবং পুলিশ চারজনকে গ্রেফতার করে, পাশাপাশি একটি শটগান ও গুলি উদ্ধার করা হয়।

/এসআইএন


Logo