সাতক্ষীরায় ফিলিং স্টেশনে চালককে মারধর, ট্যাগ অফিসার বললেন 'আমি অসহায়'
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
সাতক্ষীরা সদরের ধূলিহর-ব্রক্ষরাজপুর এলাকার ভাই-ভাই ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এক মোটরসাইকেল চালককে মারধরের ঘটনা ঘটেছে। আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন ধুলিহরের সানাপাড়ার মৃত আজাদ গাজীর ছেলে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ভাই-ভাই ফিলিং স্টেশনে সোমবার প্রায় তিন হাজার লিটার অকটেন ও চার হাজার লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দীর্ঘ লাইনের মধ্যে কিছু ব্যক্তি সিরিয়াল ভেঙে বোতলে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে কথা কাটাকাটির জেরে উত্তেজিত জনতা মামুনকে বেধড়ক মারধর করেন।
আহত মোটরসাইকেল চালক মামুন জানান, তিনি ডিজেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে থাকা বোতল ধূলিহর বাজার এলাকার বাসিন্দা সলেমান ফেলে দেন। এ নিয়ে কথা কাঁটাকাঁটির একপর্যায়ে তাকে ১০ থেকে ১২ জন মিলে বেধড়ক মারপিট করে।
এ বিষয়ে ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার সুমন সাহা বলেছেন, সিরিয়াল ভেঙে ডিজেল নেওয়ার সময় মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে যেয়ে আমি অসহায় হয়ে পড়েছি। তেল শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
/এএন/এমএন