নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোর ৬ টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া পিরোজপুর জেলা পুলিশে কর্মরত। তিনি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে আসছিলেন বলে জানা গেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাই ফিরছিলেন এমরান। ভোরে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছালে গতি কিছুটা ধীর হয়। এ সময় এমরান চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করেন। ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে গেলে চাকার নিচে পড়ে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি স্টেশনে পুরোপুরি না থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এএ