বিজিবির অভিযান
আখাউড়া সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বড় ধরনের এক সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)। অভিযানে আড়াই কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মোট ২ হাজার ৭শ' ১৬ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
কেবল আজকের শাড়িই নয়, এপ্রিল মাসের গত ৫ দিনে কসবা, আখাউড়া ও আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, কসমেটিকস, বাসমতি চাল এবং বিপুল পরিমাণ ওষুধ।
সব মিলিয়ে গত পাঁচ দিনে জব্দকৃত পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকা। জব্দকৃত এসব মালামাল ইতোমধ্যে আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
/এএ