নাটোর জেলা সাংবাদিক সমিতির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
মানুষের সেবাই রাজনীতিবিদের মূল দায়িত্ব: দুলু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব। বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সেজন্য ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে, কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে নাটোরের অর্থনৈতিক সম্ভাবনার প্রসঙ্গে 'নাটোর-৪' আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, উন্নয়ন বাস্তবায়নে সমন্বয় ও মানসিকতার ঘাটতি বড় বাধা। জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। প্রতি তিন মাস পরপর উন্নয়ন পর্যালোচনা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের অগ্রগতি তুলে ধরতে পারে।
এছাড়াও 'নাটোর-৩' আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাটোরকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব। জেলা কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ হলেও যথাযথ শিল্পায়নের অভাবে সম্ভাবনার পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। বিশেষ করে মৎস্যভিত্তিক ও কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করা গেলে বেকারত্ব কমবে এবং কৃষক-মৎস্যজীবীরা ন্যায্য মূল্য পাবেন।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের উদাহরণ টেনে একুশে পদকপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, যুদ্ধ ও দারিদ্র্য থেকে উঠে এসে দেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হলেও বাংলাদেশের ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। উন্নয়ন চাইলে শুধু অবকাঠামো নয়; বরং মানুষের মানসিকতা ও চরিত্রও বদলাতে হবে। সম্পর্কভিত্তিক আচরণ ও সুযোগ-সুবিধা নির্ভর মনোভাব উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে 'নাটোর-২' আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, নাটোর জেলা সমিতি, ঢাকার নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে গুনী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।
নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (এডমিন) ডা. সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাজেসাসের সহ-সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), প্রচার সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (মাই টিভি), কার্যনিবার্হী পরিষদের সদস্য রেজাউল করিম শামীম (স্টার নিউজ টিভি) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি) উপস্থিত ছিলেন।
/এআই