কুমারখালীতে সাউন্ড বক্স-মাইক বাজালে সামাজিকভাবে বয়কটের হুমকি
কুষ্টিয়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উচ্চশব্দে সাউন্ড বক্স বা মাইক বাজালে সামাজিকভাবে বয়কটসহ কবরস্থানে দাফন করতে না দেওয়ার মতো ঘোষণা এসেছে।
গত শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রাম এলাকায় মাইকিং করে এমন কঠোর বার্তা দেওয়া হয়। বড় মাজগ্রাম মসজিদ কমিটির এই সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের জমারত আলী ও রুপা খাতুন দম্পতির নাতি আলিফের খৎনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করা হযেছিল। এতে মুসল্লিরা অস্বস্তি বোধ করেন।
এরপর গত ২৭ মার্চ জুমার নামাজ শেষে মসজিদ কমিটি বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়, গ্রামের কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইক বাজালে তাদেরকে ঈদগাহ ও মসজিদে নামাজে বাধা দেওয়া হবে। মসজিদের জন্য চাল নেওয়া হবে না এবং মারা গেলে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না।
মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কুরবান আলী জানান, অসুস্থ মানুষ ও শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করেই সাউন্ড বক্স নিষিদ্ধ করা হয়েছে। তবে প্যান্ডেল করে ঘরোয়া অনুষ্ঠান করতে কোনো বাধা নেই।
অন্যদিকে, অভিযুক্ত রুপা খাতুন দাবি করেন, নাতির শখ মেটাতে একদিন বক্স বাজানো হয়েছিল এবং আজানের সময় তা বন্ধ ছিল। ব্যক্তিগত শত্রুতার জেরে মসজিদ কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে নজরে আসে প্রশাসনের। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, দেশের প্রচলিত আইনে এভাবে গান-বাজনা বন্ধ বা সামাজিক অধিকার খর্ব করার সুযোগ নেই।
বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।
/এএ/এমএন