×
Logo

সারাদেশ

ফরিদপুরে গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২ শতাধিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

ফরিদপুরে গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২ শতাধিক

ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া'সহ আট গ্রামের বাসিন্দারা।

টানা তিন ঘণ্টার রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু গতকাল শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক।

গতকালের ঘটনার রেশ ধরে আজ সকাল থেকে গ্রামের মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে লুটতরাজ চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও ইটের আঘাতে আহত হয়েছেন।

/এএ/এমএইচআর

Logo