প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে শাওন মাহমুদ (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার জুশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মন্ডল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শাওনের একটি ফেসবুক পোস্ট ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জুশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাওনের মালিকানাধীন রেস্তোরাঁয় ২৫–৩০ জন বিএনপি ও যুবদলের নেতাকর্মী জড়ো হন। পরে সেখানে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাওনকে আটক করার সময় উপস্থিত যুবদল কর্মী উজ্জ্বল খান ও বুলেট সাংবাদিকদের বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে (শাওন) অকথ্য ভাষায় পোস্ট করেছে। বিষয়টি আমরা থানা প্রশাসনকে জানাই। প্রায় চার থেকে সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় তাকে ধরতে সক্ষম হই। বাংলাদেশের জনগণ তারেক রহমানের কোনো খারাপ দিক বলতে পারবে না। এমন একজন মানুষকে নিয়ে কটুক্তি আমরা মেনে নেব না।'
এসময় শাওনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তারা আরও বলেন, তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের দাবি জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলটন দত্ত জানান, 'ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা ধরনের পোস্ট পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
/এমএইচআর