×
Logo

সারাদেশ

মেহেরপুরে আগুনে পুড়লো প্রায় ৭০ বিঘা জমির গম

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

মেহেরপুরে আগুনে পুড়লো প্রায় ৭০ বিঘা জমির গম

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০ বিঘা জমির পাকা গম। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। মৌসুমের শেষ সময়ে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গম কাটার পর জমিতে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত। স্থানীয় কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের জমিগুলোর পাকা গমেও আগুন ধরে যায়। মাঠে বাতাসের কারণে আগুন মুহূর্তের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই গমের জমির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।

এদিকে, কয়েক দিনের মধ্যেই ঘরে তোলার কথা ছিল গম। এই ফসল বিক্রির টাকা দিয়ে পরবর্তী মৌসুমের চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন চাষিরা। কিন্তু হঠাৎ আগুনে সব শেষ হয়ে যাওয়ায় এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন চাষিরা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সনজীব মৃধা জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন তিনি।

এছাড়া, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আওয়াত সহায়তা করা হবে বলেও জানালেন এই কর্মকর্তা।

/এএন/এমএন


Logo