গাইবান্ধায় ৯০ কেজির বাঘাইড় মাছ বিক্রি হলো ১ লাখ টাকায়
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১২:২৬ এএম
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়লো ৯০ কেজির এক বিশাল বাঘাইড় মাছ। শুক্রবার (২০ মার্চ) দিনভর মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
এর আগে, শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে আজ বিকেলে জেলে মাছটি বিক্রির জন্য শহরের বাজারে নিয়ে যান, যেখানে প্রথমে দাম চান ১ লাখ ৩০ হাজার টাকা। শেষ পর্যন্ত শহরের পুরাতন বাজারের এক মাছ ব্যবসায়ী ১ লাখ টাকায় মাছটি কিনে নেন।
বিক্রয়ের পর বাজারে কেজি দরে বিক্রি শুরু হয়। ১ হাজার ১০০ টাকা কেজি করে মাছটি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণ মানুষ বড় মাছের স্বাদ নিতে লাইন ধরে মাছ কিনেছেন।
জেলে মোস্তাফা মিয়া বলেন, নদ-নদীতে জাল ফেলে জীবিকা নির্বাহ করি, কিন্তু এত বড় মাছ ধরা আমার জীবনে প্রথম। বাজারে দাম কম বলায় টেনশনে ছিলাম, তবে শেষ পর্যন্ত লাখ টাকায় বিক্রি করতে পেরেছি। মাঝে মাঝে এমন বড় মাছ পাওয়া যায়, যা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়।'
এদিকে, স্থানীয় জেলে ও এলাকাবাসীর মতে, এর আগে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন বড় মাছ ধরা পড়েছে, তবে এত বিশাল আকারের বাঘাইড় বহু বছর পরে ধরা পড়ল। মোস্তাফা মিয়ার জালে ধরা এই মাছ শুধু তার জন্য নয়, পুরো এলাকার জেলেদের মুখে হাসি ফুটিয়েছে।
/এসআইএন