×
Logo

সারাদেশ

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোটের দাবি

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোটের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী মো. জসিম উদ্দিন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সমর্থকরা ভোটের আগের দিন প্রচুর অর্থ বিতরণ করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ায়। হাসনাতের অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দেয়। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ সোহেল রানা ও আলমগীরসহ আটজন আটক হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

ভোটের দিন ট্রাক প্রতিকের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করে জসিম উদ্দিন বলেন, অনেক কেন্দ্রে তার এজেন্টদের মারধর করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের প্রভাবিত করে প্রতি কেন্দ্রে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল দেওয়া হয় এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের আয়োজন করার দাবি করেন জসিম উদ্দিন।  

/ এসআর  

Logo