×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

কমিটি গঠনের ৬ দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

নেতারা হলেন—সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী, শিশির মল্লিক।

লিখিত বক্তব্য পাঠ করেন ওই ওয়ার্ডের সভাপতি বিপ্লব মল্লিক ওরফে (ঝন্টু)। তিনি বলেন, আজ থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই।

উল্লেখ্য, গত ১লা ডিসেম্বর রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামি বাংলাদেশের হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ইউনিয়নের পিড়ারবাড়ি পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়।

ওই দিন পিড়ারবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এসআইএন

Logo